সারাবিশ্ব

সৌদির আবাসিক এলাকায় হুতিদের হামলা, আহত ৬

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের একটি আবাসিক এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ইয়েমেন সীমান্তবর্তী নাজরানে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া একটি প্রোজেক্টাইল নাজরানের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ছয় সৌদি নাগরিক আহত হন। হামলায় তিনটি বাড়ি ও তিনটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি হামলার ঘটনাও বেড়েছে।

এদিকে নাজরান অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। রোববার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় এএইচ-৬আই মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষের এ বক্তব্য প্রত্যাখ্যান করে হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারাই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। নিজেদের দাবির সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। তবে তাদের এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে একটি সরকারি সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

সোমবার দেশটির একজন সরকারি সামরিক কর্মকর্তা জানান, প্রশিক্ষণ শিবিরটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।

সূত্র: সিবিএস নিউজ

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *