
নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি
নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা অসংগতি। কোনো কোনো ক্ষেত্রে ১১তম গ্রেডের কর্মচারীর চেয়ে ১২তম গ্রেডের কর্মচারী বেশি মূল বেতন পাচ্ছেন। আবার পদোন্নতির পর কারও কারও আয় কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বেতন ও ভাতার অসংগতি পর্যালোচনায় ছয় মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। কমিটি বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য, পদোন্নতি, উচ্চতর গ্রেড এবং ভাতা-সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
সরকারি কর্মচারীদের অভিযোগ, নতুন বেতন কাঠামো কার্যকরের পর একই দপ্তরের কোনো কোনো ক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারী উচ্চ গ্রেডের সহকর্মীর চেয়ে বেশি মূল বেতন পাচ্ছেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বিল তুলনা করে এমন চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।
নতুন বেতন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। আর ১২তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিক বেতনের হিসাবে ১১তম গ্রেড এগিয়ে থাকলেও আগের বেতন থেকে নতুন কাঠামোয় সমন্বয়ের পর কোনো কোনো ক্ষেত্রে চিত্র উল্টে যাচ্ছে।
কর্মচারীদের অভিযোগ, এর ফলে ১২তম গ্রেডের কেউ কেউ ১১তম গ্রেডের সহকর্মীর চেয়ে বেশি মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা অর্থসচিবের কাছে আবেদন করেছেন।
উচ্চতর গ্রেড নিয়েও অসন্তোষ রয়েছে। নির্দিষ্ট সময় চাকরি করার ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীর বেতনের ব্যবধান কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ ছাড়া পদোন্নতির পর পদমর্যাদা বাড়লেও কারও কারও মোট আয় প্রত্যাশিত হারে বাড়ছে না, এমনকি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’র আহ্বায়ক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
কমিটির কাজ শুধু বেতন গ্রেডের অসংগতি পর্যালোচনায় সীমাবদ্ধ নয়। সরকারি কর্মচারীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলো নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করবে কমিটি।
নতুন করে ঝুঁকি ভাতা চালু করা প্রয়োজন কি না, বিদ্যমান ভাতার হার বাড়ানো বা কমানো দরকার কি না, সেসব বিষয়ও পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন পদের গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং গ্রেডগুলোর মধ্যে সামঞ্জস্য আনার বিষয়েও সুপারিশ করবে কমিটি।
কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
তবে কমিটির সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সুপারিশ বাস্তবায়নের সময়সূচিও জানানো হয়নি। ফলে বেতন গ্রেড ও ভাতার অসংগতি দূর করতে সরকারি কর্মচারীদের আপাতত কমিটির সুপারিশ এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।
১৩;
১৩;
স্বাধীন/সা.এ.১৩;
১৩;