জেলার খবর

পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
১০ বার সংবাদটি দেখেছে

নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, পটুয়াখালীর ঝাউতলা ওয়াকওয়েকে সবার জন্য নিরাপদ করা এবং গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা পর্যায়ে ব্রিগেড গঠনের উদ্যোগসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে পটুয়াখালী পৌরসভার কার্যক্রমে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী পৌরসভা সম্মেলন কক্ষে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুবদের সংলাপ ও অ্যাডভোকেসি সভায় এসব বিষয় উঠে আসে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

সভায় স্থানীয় পর্যায়ে নারী ও পুরুষ সম্পর্কে প্রচলিত বৈষম্যমূলক ধারণা পরিবর্তন, নারীর প্রতি সহিংসতা ও সামাজিক বৈষম্য প্রতিরোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ঝাউতলা ওয়াকওয়েতে নারী, শিশু, প্রবীণসহ সব মানুষের নিরাপদ চলাচল ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী ব্রিগেড গঠন, তথ্য যাচাইয়ে যুবদের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তথ্য প্রচারে জনসচেতনতা তৈরির বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া পটুয়াখালী ইয়ুথ ফোরামের নেতৃত্ব, অ্যাডভোকেসি, যোগাযোগ ও সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন এবং পৌরসভার নাগরিক সেবা, নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জননিরাপত্তামূলক কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক তারেক হাওলাদার।

এসময় পৌর মেডিকেল অফিসার ডা. এস এম একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিনহা, স্যানিটারি ইন্সপেক্টর শারমিন সুলতানা, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কে এম জাহিদ, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ফোকাল ও ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি কাওসার আহমেদ ইবু, আদর্শ মানবসেবা সংস্থার প্রতিনিধি মাসুদ রানা শিবলী এবং পল্লী যুব মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শারমিন আক্তারসহ পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, রিসোর্স পার্সন এবং ইয়ুথ ফোরাম, ভিবিডি ও বিডিক্লিনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আলোচিত বিষয়গুলোর ভিত্তিতে স্থানীয় সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং বাস্তবায়নযোগ্য যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *