রাজনীতি

‘শুরুতে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝেছি’, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে ইশরাক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তকে জীবনের অন্যতম সেরা পরামর্শ হিসেবে উল্লেখ করেছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পনা সাজিয়েছিল। তবে প্রধানমন্ত্রীর দূরদর্শী পরামর্শে তিনি সেই ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছিলেন। শুরুতে বিষয়টি শাস্তি মনে হলেও তিনি একবাক্যে সেই পরামর্শ মেনে নিয়েছিলেন। পরে তিনি বুঝতে পারেন, তাঁর বিরুদ্ধে ক্ষতিকর পরিকল্পনা করা হয়েছিল।

ইশরাকের দাবি, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী ধারাবাহিক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্র হনন এবং তাঁকে জনসমালোচনার মুখে ফেলার পরিকল্পনা করেছিল। একই সঙ্গে সিনিয়র নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করে তাঁকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টাও করা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নিজের আস্থা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন ইশরাক। তিনি লেখেন, তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সব সময় তাঁর জন্য কোনটি ভালো, তা বিবেচনায় রাখেন। জীবনে একাধিকবার তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন। সেখান থেকেই ভয়াবহ একটি ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছিল বলে তাঁর ধারণা। তবে পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি রক্ষা পেয়েছেন বলে দাবি করেন।

‘শুরুতে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝেছি’, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে ইশরাক

তিনি আরও লেখেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন তিনি। বিষয়টি নিয়ে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়াই তাঁর উদ্দেশ্য নয় বলেও উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে নিজ দলের সুযোগসন্ধানী কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে প্রমাণের ভিত্তিতে এবং অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক। একই সঙ্গে ঢাকার রাজনীতিতে অন্য এলাকার কৌশল প্রয়োগ করে সুবিধা নেওয়ার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইশরাক হোসেনের স্ট্যাটাসে উল্লিখিত গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠীর পরিচয়, কথিত ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ কিংবা এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য উল্লেখ করা হয়নি। 

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *