
ছয় মাসে হাম ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু ১২০৭
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে।
মোট মৃত্যুর মধ্যে ১০৪ জনের হাম শনাক্ত হয়েছিল। বাকি ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ, অধিকাংশ মৃত্যুর ক্ষেত্রে হাম সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
অন্যদিকে একই সময়ে নতুন করে ৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন।
এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্য জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
১৩;
১৩;
বাপ্পি/সা.এ১৩;
১৩;