রাজনীতি

‘জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে এনসিপি’, রাশেদ খানের অভিযোগ

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি গঠন নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দলটির নতুন কমিটিকে ‘নতুন বন্দোবস্তের’ পরিবর্তে ‘নতুন ভণ্ডবস্ত’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে এনসিপি।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি অভিযোগ করেন, কোনো ধরনের কাউন্সিল ছাড়াই এনসিপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গণতন্ত্রের কথা বলা এবং বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা একটি দলের কাউন্সিল ছাড়াই কমিটি গঠনকে তিনি সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব কুক্ষিগত করার প্রবণতা হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খানের দাবি, জামায়াতের অনুমোদনেই এনসিপির নতুন কমিটি গঠন করা হয়েছে। তাঁর অভিযোগ, জামায়াতের পছন্দের বাইরে থাকা নেতাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। বিশেষ করে যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান চান কিংবা জামায়াতবিরোধী, তাঁদের পদাবনতি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিতর্ক ও কেলেঙ্কারিতে জড়িত এবং জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে বসানোর অভিযোগও করেন তিনি।

এনসিপির নতুন কমিটিকে জামায়াতের যুব শাখার সঙ্গে তুলনা করে রাশেদ খান বলেন, কিছু আসন ও আসনপ্রতি নির্বাচনী খরচের বিনিময়ে দলটি জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে। তাঁর ভাষায়, এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’।

পোস্টে এনসিপির গঠনতন্ত্রের প্রসঙ্গ টেনে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মেয়াদ নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি জানতে চান, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের বর্তমান মেয়াদই শেষ মেয়াদ হবে, নাকি দলটি ‘নতুন বন্দোবস্তের’ নামে ‘নতুন ভণ্ডবস্তের’ পথেই এগোবে।

রাশেদ খান আরও লেখেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এনসিপি যদি নতুন ধারার রাজনীতি উপহার দিতে পারত, তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দলটিকে সবাই সাধুবাদ জানাতেন। তবে নতুন কমিটির কাঠামো দেখে তাঁর মনে হয়েছে, এনসিপির স্বতন্ত্র রাজনীতি করার সুযোগ আর থাকছে না।

সূত্র: রাশেদ খানের ভেরিফায়েড ফেসবুক পোস্ট।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *