জেলার খবর

পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

বুধবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের বিষয়টি তাঁকে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। ওই সময় দায়িত্ব পালনকারী টহল দল কিংবা আশপাশের থানার পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে কয়েকজন মিছিলের সামনের সারিতে রয়েছেন। মিছিলে আনুমানিক ৩৫ থেকে ৪০ জন অংশ নেন। এ সময় তাঁদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিলের সামনে দিয়ে পুলিশের একটি টহল গাড়ি চলে যাওয়ার দৃশ্যও ভিডিওতে রয়েছে। এ ছাড়া মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়।

এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *