জেলার খবর

সখীপুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল দুই বাক্স রকেট লঞ্চারসদৃশ বস্তু

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

টাঙ্গাইলের সখীপুরে মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় দুই বাক্স রকেট লঞ্চারসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে পিতলের প্লেটে ইংরেজি অক্ষরে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা একটার দিকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকায় এ বস্তুগুলো পাওয়া যায়।

পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে টুঙ্গীর চালা এলাকায় লিয়াকত আলীর জমিতে মাটি কাটছিলেন বর্গাচাষি আছরব আলী ও তাঁর ছেলে শাকিল। এ সময় কোদালের আঘাতে মাটির নিচে থাকা একটি লোহার বাক্সের অংশবিশেষ বেরিয়ে আসে। পরে বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে জানানো হয়। ওই সাংবাদিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

স্থানীয় সাংবাদিক সোহেল রজত জানান, প্রতিটি বাক্সে ছয়টি করে মোট ১২টি বস্তু রয়েছে। প্রতিটি বস্তুর পেছনে ঘূর্ণায়মান পাখার মতো অংশ রয়েছে। এ কারণে স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত রকেট লঞ্চার হতে পারে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে কী, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটি প্লেটে লেখা দেখে ধারণা করা হচ্ছে, এগুলো পাকিস্তান আমলের। বস্তুগুলো পুরোনো ও জং ধরা গোলাবারুদসদৃশ। আপাতত সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে রকেট লঞ্চার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *