জেলার খবর

বাঁশের সাঁকোর পাশে নালায় লুকানো ৩ লাখ ইয়াবা, নারী আটক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

কক্সবাজারের রামুতে নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের কক্সবাজারের একটি আভিযানিক দল জানতে পারে, কচ্ছপিয়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ মৌলভীরকাটা এলাকার জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। এ ঘটনায় তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক খালেদা বেগমকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা দুটি মুঠোফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত মালিকানা, মাদক সরবরাহের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *