জেলার খবর

নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৫ বার সংবাদটি দেখেছে

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটসের ৬ দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাণী ভবানী রাজবাড়ী চত্বরে ক্যাম্পুরীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতে এরাই দেশের নেতৃত্বে আসবে। সারা বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাদের এই অবদান ব্যাপকভাবে মূল্যায়িত হবে। নাটোরের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, রানী ভবানীর রাজবাড়ী ও উত্তরা গণভবনসহ পুরো নাটোরকে নতুন, সুন্দর, বাসযোগ্য ও শান্তিময় বিনোদনের শহর হিসেবে গড়ে তোলা হবে। আগামী চার বছর পর এক নতুন ও পরিচ্ছন্ন নাটোর দেখতে পাওয়া যাবে। এই লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পরিচালক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে স্কাউট সদস্যদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *