
ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিলেন বরিশাল জিলা স্কুলের ২০১৪ ব্যাচ
ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগে বরিশালের একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বরিশাল জিলা স্কুলের ২০১৪ সালের এসএসসি ব্যাচ। নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার বাসিন্দাদের সহায়তায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন ব্যাচটির শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বৃদ্ধাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করা প্রবীণদের সহায়তা এবং তাঁদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রাইম জোন ২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জিলা স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী শাহারিয়ার রাহাত। তিনি জানান, বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ব্যাচের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের সদস্যদের প্রবীণদের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
