ক্যাম্পাস

ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো হলেন বুয়েটের অধ্যাপক আখতার

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডব্লিউএএস) ফেলো নির্বাচিত হয়েছেন। উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে তাঁর ফেলোশিপ কার্যকর হবে।

রোববার (৮ নভেম্বর) বুয়েটের তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৫ নভেম্বর টিডব্লিউএএসের প্রেসিডেন্ট অধ্যাপক কোয়ারাইশা আবদুল করিম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে নির্বাচনের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৮ সালে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৯৪ সালে তিনি বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদের সহযোগী ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র পরীক্ষণমূলক কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান ও উন্নত কার্যকরী পদার্থ। দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৪ জন পিএইচডি, ৪৪ জন এমফিল ও ২২ জন এমএসসি গবেষকের তত্ত্বাবধান করেছেন।

উল্লেখ্য, টিডব্লিউএএস উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির অগ্রগতিতে কাজ করা একটি আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *