সারাবিশ্ব

ইসরায়েলে সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন মধ্যপন্থি ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। রোববার (৮ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেন। সরকার গঠনে তিনি সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন জোট সরকার গঠনের লক্ষ্য নির্ধারণ করেছেন আইজেনকোট।

জেরুজালেমে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়। এর আগে নতুন পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন।

দায়িত্ব পাওয়ার পর দেওয়া বক্তব্যে আইজেনকোট বলেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত সংকটময় ও গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ, আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তির অবনতি এবং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর চাপের কারণে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘সৃজনশীল ও ব্যতিক্রমী রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে একটি জাতীয় জরুরি সরকার গঠন করব।’ একই সঙ্গে বারবার নির্বাচন আয়োজনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো এতটাই জরুরি যে সময় নষ্ট করার অবকাশ নেই।

সরকার গঠনের ক্ষেত্রে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, কেউই নির্বাচনী প্রতিশ্রুতির সবকিছু বাস্তবায়ন করতে পারবে না। তাই সবাইকে সমঝোতা করতে হবে। নেতৃত্বের অন্যতম দায়িত্ব হলো কখন সিদ্ধান্ত নিতে হবে এবং কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, তা বুঝতে পারা।

তার সরকার গঠনের সমীকরণ অবশ্য বেশ জটিল। তাকে সমর্থন দেওয়া পার্লামেন্ট সদস্যদের মধ্যে ৪৮ জন ইহুদি-নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের এবং ১৯ জন আরব-নেতৃত্বাধীন জোটের। আরব দলগুলো আইজেনকোটের সরকারকে সমর্থন দেওয়ার অথবা সরকারের বিরুদ্ধে ভোট না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইহুদি জোটের কয়েকটি দল আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারে যোগ দিতে অনাগ্রহী।

এ পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার গঠন কিংবা দীর্ঘদিন নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

আইজেনকোট সরাসরি নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের পাশাপাশি কট্টর ডানপন্থি রিলিজিয়াস জায়নবাদ পার্টির প্রতিও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তিনি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে কোনো আমন্ত্রণ জানাননি।

জোটে যোগ দেওয়ার জন্য চারটি নীতিগত শর্তও তুলে ধরেছেন আইজেনকোট। এগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে চলা, সবার জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা চালু করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে সংগঠনটির ধ্বংসের অঙ্গীকার করা।

তিনি বলেন, যারা দেশের বর্তমান সংকটের গুরুত্ব বুঝতে পারবেন এবং রাষ্ট্রের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত, তাদের সবার জন্য তার দরজা খোলা।

এদিকে, সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সময় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ একটি স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের সামনে থাকা বড় চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন। দেশের সব জনগোষ্ঠী, ধর্ম ও মতাদর্শের মানুষের প্রতিনিধিত্ব করে এমন সরকার গঠন করতে হবে।

হারজগ আরও বলেন, সরকার গঠনের প্রশ্নে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য আইজেনকোটের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়েছেন। যদিও ২৭টি আসন নিয়ে লিকুদ এখনো পার্লামেন্টের বৃহত্তম দল।

অন্যদিকে, সরকার গঠনে ব্যর্থ হলে প্রথমে নেতানিয়াহুকে ২৮ দিনের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে। তিনিও ব্যর্থ হলে পরবর্তী ২১ দিনের মধ্যে অন্তত ৬১ জন পার্লামেন্ট সদস্য তৃতীয় কোনো প্রার্থীর বিষয়ে একমত না হলে আবারও নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।

আইজেনকোট অবশ্য নতুন করে নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি আগামী দিনগুলোতে ধৈর্য, বিনয় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সরকার গঠনের চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *