জেলার খবর

দুর্গাপুরের পর্যটন উন্নয়নে নিরাপত্তা, অবকাঠামো ও পরিচ্ছন্নতায় গুরুত্ব

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

নেত্রকোনার দুর্গাপুরকে আধুনিক, পরিকল্পিত ও আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে পর্যটকদের নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ঐতিহাসিক বিজয়পুর সাদামাটির পাহাড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, পাহাড়, নদী, ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে দুর্গাপুর দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা। বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, রানীখং মিশন, গারো পাহাড় ও আদিবাসী সংস্কৃতি এ অঞ্চলের পর্যটন আকর্ষণের অন্যতম সম্পদ।

তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটনকেন্দ্রগুলোর পরিকল্পিত উন্নয়ন, নিরাপদ যাতায়াত, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গণশৌচাগার, বিশ্রামাগার, পার্কিং সুবিধা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা এনসিপির সভাপতি রেজাউল করিম, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা দুর্গাপুরের পর্যটনকেন্দ্রগুলোর সৌন্দর্য ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *