জেলার খবর

সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
১ বার সংবাদটি দেখেছে

দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও প্রচেষ্টার পর সরকারি নিবন্ধন পেয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত সংগঠনটির নিবন্ধন নম্বর এস-১৫৫১২/২০২৬।

সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি। সরকারি নিবন্ধন পাওয়ায় এর কার্যক্রম আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা, মামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের নেতারা জানান, নিবন্ধন লাভের ফলে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, ‘এটি আমাদের প্রাণের সংগঠন। দীর্ঘদিনের পথচলা, ত্যাগ ও পরিশ্রমের পর আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। এ অর্জন আমাদের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।’

সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, ‘সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এটি আমাদের প্রাণের সংগঠন। সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে সংগঠনটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।’

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‘সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *