
মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরও একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি জানান, উত্তেজিত জনতা ও নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
১৩;
১৩;
বাপ্পি/সা.এ১৩;
১৩;