
‘অশিক্ষিত লোকগুলো কী অবস্থা করেছে’, ক্ষুব্ধ উর্ফী
দীপাবলির পর দিল্লির বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় আতশবাজি পোড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উর্ফী জাভেদ। যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজি পোড়াচ্ছেন, তাঁদের কারাগারে পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ প্রকাশ করেন উর্ফী। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা বাজি ফাটাচ্ছেন, তাঁদের প্রত্যেককে কারাবাসে পাঠানো উচিত! ব্যস, আর কিছু নয়!’ আরেকটি পোস্টে তিনি আরও কড়া ভাষায় লেখেন, ‘এই অশিক্ষিত লোকগুলো কী অবস্থা করে দিয়েছে!’
দীপাবলির উৎসব শেষ হলেও দিল্লির বাতাসে দূষণের প্রভাব স্পষ্ট। বাজির ধোঁয়ায় রাজধানীর বায়ুর মান আরও অবনতি হয়েছে। সোমবার সকালে দিল্লির সামগ্রিক বায়ুমান সূচক (একিউআই) পৌঁছে যায় ‘খুব খারাপ’ পর্যায়ে। কয়েকটি এলাকায় এই সূচক ৪০০ ছাড়িয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ থাকলেও দীপাবলির রাতে বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত আতশবাজি পোড়ানো হয়েছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বাজি ফাটানোর ঘটনা ঘটায় পরিবেশদূষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দীপাবলির আগে ৭ ও ৮ নভেম্বর নির্দিষ্ট শর্তে পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অনুমতি কার্যকর ছিল। তবে ৯ নভেম্বর থেকে আবারও আতশবাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এ ছাড়া হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত কিছু এলাকার ৩০০ মিটারের মধ্যে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ছিল। এসব বিধিনিষেধের পরও নিয়ম লঙ্ঘনের ঘটনায় দিল্লির দূষণ পরিস্থিতি এবং উৎসব উদ্যাপনে পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।