
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর বাজারে সাপ্তাহিক হাট চলাকালে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। হামলার পর তাঁর মরদেহ পাশের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভাসানচর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির ব্যাপারী মুলাদী উপজেলার নামার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক এবং সাপ্তাহিক হাটে সদাই করতে ভাসানচর বাজারে এসেছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে বাজারে যখন সাপ্তাহিক হাটের ব্যস্ততা চলছিল, তখন বাজারসংলগ্ন খালপাড়ে বোরকা পরা ছয় থেকে সাতজন ব্যক্তি কবির ব্যাপারীর ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত-পা, গলা ও পেটে উপর্যুপরি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় কবিরকে পাশের খালে ফেলে দিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রকাশ্য বাজারের কাছে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও হাটে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যান। সন্ধ্যার পর বাজারের স্বাভাবিক কার্যক্রমও অনেকটা থেমে যায়।
খবর পেয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালপাড় থেকে কবির ব্যাপারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।