সারাবিশ্ব

হুতিদের হামলার ভয়ে সৌদির বড় বিনিয়োগ সম্মেলন স্থগিত

প্রকাশিত :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এই সম্মেলনটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। একই সময়ে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালে সম্মেলনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা এবং আঞ্চলিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির মধ্যে এ সিদ্ধান্ত এসেছে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই সম্মেলন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের দশম আয়োজনটি প্রত্যাশিত মান, ব্যাপ্তি ও প্রভাব নিয়ে সম্পন্ন করাই তাঁদের লক্ষ্য।

তেলনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সৌদি আরব প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে। এতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেন। এবারের আয়োজনে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদে সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এএফপিকে একজন সরকারি কর্মী ও দুজন পরামর্শক জানিয়েছেন, রাজধানীর কয়েকটি সরকারি সংস্থা কর্মীদের দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, রোববার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বার্তা পান, যাতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। তবে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে তাঁদের।

রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় রয়েছে। এ ছাড়া কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও বাসা থেকে কাজ করতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে এএফপি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। এর ফলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ নগর ও অর্থনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

বিনিয়োগ সম্মেলন স্থগিত এবং রিয়াদে দূর থেকে কাজের নির্দেশ এমন এক সময়ে এসেছে, যখন আঞ্চলিক সংঘাতের পাশাপাশি অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সৌদি সরকার।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *