সারাবিশ্ব

পারস্য উপসাগরে একযোগে ৭ জাহাজে ইরানের হামলা

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

পারস্য উপসাগরে সাতটি জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর মধ্যে চারটি জাহাজে একযোগে হামলার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি। অন্যদিকে, হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসি নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইআরজিসি নৌবাহিনী জানায়, বুধবার উত্তর পারস্য উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের কাজে জড়িত চারটি জাহাজকে তাদের বাহিনী শনাক্ত করে। পরে জাহাজগুলোতে একই সময়ে হামলা চালানো হলে সেগুলোতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ইরানের বাহিনী। তবে জাহাজগুলোর নাম, সেগুলোর পতাকাবাহী দেশ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে আইআরজিসি নৌবাহিনী বলেছে, আঞ্চলিক উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও ব্যাপক পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

তবে সাতটি জাহাজে হামলা এবং মাইনে আঘাত পাওয়ার বিষয়ে ইরানের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্যও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *