সারাবিশ্ব

বিয়ের খরচ জোগাতে ছিনতাই, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

প্রকাশিত :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

ভারতের তেলেঙ্গানায় বিয়ের খরচ জোগাড় করতে ছিনতাইয়ের অভিযোগে তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই প্রেমিক-প্রেমিকা হায়দরাবাদে এসে কোনো কাজ বা চাকরি না পেয়ে এই অপরাধের পথ বেছে নেন। বুধবার বনস্থলিপুরম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সকালে হায়দরাবাদের মালকাজগিরির বনস্থলিপুরমের ভেঙ্কটা রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৬৫ বছর বয়সী মন্দিরের নারী কর্মী আন্দুগুলা রমুলাম্মা সে সময় মন্দির পরিষ্কার করছিলেন। আশপাশে অন্য কোনো ভক্ত না থাকায় অভিযুক্ত তরুণ-তরুণী তাকে লক্ষ্যবস্তু বানান।

ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, সাহায্য করার অছিলায় ওই যুগল তার কাছে আসেন এবং হঠাৎ তার মুখ চেপে ধরে গলায় থাকা প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। এরপর তাঁরা একটি স্কুটারে করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার দিনই বনস্থলিপুরম থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের গতিবিধি ট্র্যাক করে ঘটনার তিন দিন পর বুধবার সকালে কমলা নগরের একটি গয়নার দোকানের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ছিনতাই করা সোনার চেইন ও দুটি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি এবং ২৪ বছর বয়সী তেঙ্কা বারালক্ষ্মী। তাদের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে।

পুলিশ জানায়, ওই দুজন প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। চাকরির সন্ধানে প্রায় এক মাস আগে অন্ধ্রপ্রদেশ থেকে হায়দরাবাদে আসেন তারা। এরপর গুররামগুডা এলাকায় একসঙ্গে বসবাস শুরু করেন। হায়দরাবাদে এসে কোনো চাকরি না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েন। নিজেদের পরিকল্পিত বিয়ের খরচ জোগাড় করার জন্যই তারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, এর আগে এই যুগলের বিরুদ্ধে অন্য কোনো অপরাধের রেকর্ড বা মামলা নেই। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *