সারাবিশ্ব

ইসরায়েল ‘বাস্তব ও স্পষ্ট অস্তিত্বের হুমকির’ মুখোমুখি: নেতানিয়াহু

প্রকাশিত :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

ইসরায়েলের রাজধানী তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যর্থ হলে ইসরায়েলিদের ‘দ্বিতীয় হলোকাস্টের’ মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নির্বাচনের মাত্র দুই দিন আগে তাঁর এমন পোস্ট ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি সতর্কবার্তা নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন নেতানিয়াহু। ওই বার্তার সঙ্গে যুক্ত ছিল তেল আবিবে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণের একটি এআই-নির্মিত ছবি।

পোস্টে বলা হয়, ইসরায়েল বর্তমানে ‘বাস্তব ও স্পষ্ট অস্তিত্বের হুমকির’ মুখোমুখি। ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে অন্য কোনো রাজনৈতিক বিতর্ক বা সংকটের গুরুত্ব থাকবে না।

নেতানিয়াহুর শেয়ার করা বার্তায় দাবি করা হয়, কাতারগেট কেলেঙ্কারি কিংবা অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে যোগদান এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলো ইরানের হুমকি থেকে জনগণের মনোযোগ সরিয়ে রাখছে।

সেখানে প্রশ্ন তোলা হয়, ‘ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে যদি দুটি পারমাণবিক বোমা পড়ে, তাহলে এসব বিতর্ক নিয়ে আর কে মাথা ঘামাবে?’

পোস্টে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার একটি সীমিত সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান নেতৃত্বকে ক্ষমা করবে না বলেও সতর্ক করা হয়।

একই সঙ্গে ভোটারদের উদ্দেশে বলা হয়, ইরানকে মোকাবিলা করতে অক্ষম কোনো নেতাকে নির্বাচিত করলে তাঁদের পরিবার ‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকিতে পড়তে পারে। এ বক্তব্যের মাধ্যমে ইরানের হুমকি মোকাবিলায় নেতানিয়াহুই সবচেয়ে যোগ্য নেতা—এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন তাঁর সমালোচকেরা।

ছবি: সংগৃহীত

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করে নির্বাচনে প্রভাব বিস্তার কিংবা ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সমালোচকেরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এদিকে সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর কোনো সামরিক প্রয়োজন তিনি দেখছেন না।

নেতানিয়াহুর পোস্টের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের ইয়াশার দলের চেয়ারম্যান গাদি আইজেনকট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘নেতানিয়াহু, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।’

আইজেনকটের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগেই নেতানিয়াহু মিথ্যা তথ্য ও ভয় দেখানোর একই কৌশল ব্যবহার করেন। এবার তিনি ইসরায়েলি নাগরিকদের ব্যাপক ধ্বংসযজ্ঞের ভয় দেখাচ্ছেন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আইজেনকট আরও লেখেন, ‘আপনি ব্যর্থ হয়েছেন। আর দুই দিন পর ইসরায়েলের জনগণ ব্যালট বাক্সে তার জবাব দেবে।’

নেতানিয়াহুর পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলানও।

এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘সর্বশেষ খবর: ইসরায়েলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমা বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করছি, তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা হোক। তিনি এবং তাঁর আশপাশের লোকজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। চাপ ক্রমেই বাড়ছে।’

আগামী মঙ্গলবারের নির্বাচনে বর্তমান নেতৃত্বকে সরিয়ে ইসরায়েলে নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রত্যয়ও ব্যক্ত করেন গোলান।

নির্বাচনের ঠিক আগে নেতানিয়াহুর এমন পোস্ট ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাকে নির্বাচনী প্রচারে ব্যবহারের বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *