স্পোর্টস

স্বর্ণ জিতেও টাকা নেই! জাতীয় সাঁতারে পদকজয়ীদের পুরস্কার বাতিল

প্রকাশিত :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
/
৬ বার সংবাদটি দেখেছে

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। গত বছরও স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকজয়ীদের নির্ধারিত অর্থ দেওয়া হলেও এবার সাধারণ পদকজয়ীদের জন্য সেই ব্যবস্থা রাখা হয়নি। তবে নতুন রেকর্ড গড়লে সাঁতারুদের জন্য ৫ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা বহাল রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে সুইমিং ফেডারেশন। সেখানেই পদকজয়ীদের আর্থিক পুরস্কার না থাকার বিষয়টি সামনে আসে।

গত বছর অনুষ্ঠিত ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ীরা পেয়েছিলেন ২ হাজার টাকা, রৌপ্যপদকজয়ীরা ১ হাজার এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা করে। এবার সেই পুরস্কার কেন রাখা হয়নি, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

বরং রেকর্ডধারীদের পুরস্কারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে নতুন রেকর্ড গড়লে ৫ হাজার টাকা পুরস্কারের নিয়ম গত বছরও ছিল।

বুধবার (২৮ অক্টোবর) থেকে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু।

এবার সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ব অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পর্যায়ে নারীদের জন্য গত বছর থেকে তিনটি ডাইভিং ইভেন্ট চালু হয়েছে। এবার ডাইভিংয়ে পুরুষ ও নারী—উভয় বিভাগের তিনটি করে ইভেন্ট থাকছে। ওয়াটার পোলোসহ সব মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার অংশ হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্টও রাখা হয়েছে।

বুধবার বিকেল ৩টায় ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাঁতারুদের পদকজয়ের স্বীকৃতি হিসেবে গত বছরের আর্থিক পুরস্কার এবার কেন বাদ দেওয়া হলো, সে বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে প্রতিযোগিতার আগে বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *