জাতীয়

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৪ বার সংবাদটি দেখেছে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তগুলো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরতদের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

১. পুরোনো চুক্তিতেও নতুন বেতন স্কেল

২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের বেতন নতুন স্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। এ জন্য বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী ১ জুলাই থেকে নতুন বেতন কার্যকর হবে। পাশাপাশি প্রযোজ্য বিধান অনুযায়ী বর্ধিত বেতন ও চুক্তিতে নির্ধারিত ভাতা পাবেন তারা।

২. নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণের নিয়ম

গত ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কিংবা ভবিষ্যতে নিয়োগ পাবেন, এমন ব্যক্তিদের বেতনও নতুন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে। এ ক্ষেত্রে অবসরের ঠিক আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।

৩. বেতন থেকে পেনশন বাদ যাবে না

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বা সমর্পণের আগের পেনশনের পরিমাণ বাদ দেওয়া হবে না। একইভাবে বিশেষ অতিরিক্ত পেনশন থাকলেও তা বেতন থেকে কর্তন করা হবে না।

৪. মিলবে না ইনক্রিমেন্ট ও অতিরিক্ত পেনশন

চুক্তিভিত্তিক চাকরির মেয়াদে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হবে না। এ ছাড়া এ সময়ের চাকরির জন্য আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন পাওয়ার সুযোগও থাকবে না।

৫. অবসরপ্রাপ্ত নন এমন ব্যক্তিদের জন্য পৃথক শর্ত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলাদাভাবে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও গুণাগুণ বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ সমন্বয়ের মাধ্যমে এসব শর্ত চূড়ান্ত করবে। পরে সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।

৬. সাংঘর্ষিক পুরোনো নির্দেশনা বাতিল

নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের সিদ্ধান্তগুলো বহাল থাকবে।

৭. পরবর্তী সরকারি আদেশও প্রযোজ্য হবে

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা বিষয়ে সরকার ভবিষ্যতে নতুন কোনো আদেশ জারি করলে সেটিও প্রযোজ্য হবে। অর্থাৎ পরবর্তী সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।

৮. বাতিল হলো ২০১৬ সালের প্রজ্ঞাপন

অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন প্রজ্ঞাপনের সিদ্ধান্তগুলো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নতুন বেতন স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হবে। প্রয়োজন হলে সরকারের সঙ্গে সম্পাদিত বিদ্যমান চুক্তিও সংশোধন করতে হবে।

নতুন এ নির্দেশনার ফলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ, পেনশন-সংক্রান্ত সুবিধা এবং চাকরির অন্যান্য আর্থিক শর্তের ক্ষেত্রে নতুন বেতন স্কেলের বিধান অনুসরণ করা হবে।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *