খেলাধুলাপ্রধান শিরোনামবরিশালবরিশাল নগরী

বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ

প্রকাশিত :
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ

ক্রাইম জোন ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট : বরিশালে নির্মিত হচ্ছে ফুটসাল মাঠ। নগরী সংলগ্ন মহাবাজ উলালঘুণি এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় মাঠ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

রোববার (১ নভেম্বর) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন। এ সময় ক্রীড়ামোদীদের জন্য মানসম্মত খেলার পরিবেশ নিশ্চিত করা এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ ফুটসাল মাঠ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সম্ভাব্যতা যাচাই করা হয়।

 

ফুটসাল মূলত ফুটবলেরই একটি সংস্করণ, যা তুলনামূলক ছোট ও ঘেরা মাঠে কমসংখ্যক খেলোয়াড় নিয়ে খেলা হয়। সাধারণত প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় অংশ নেন। ফুটবলের তুলনায় ছোট আকারের মাঠে শক্ত ও সমতল পৃষ্ঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দ্রুতগতির পাস, বল নিয়ন্ত্রণ, কৌশল ও ব্যক্তিগত দক্ষতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের ফুটবল দক্ষতা বিকাশে ফুটসাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

বরিশালে এ ধরনের মাঠ নির্মিত হলে নগরীর তরুণ ও ক্রীড়ামোদীরা ফুটবল চর্চার জন্য নতুন একটি সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশ এবং নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরিতেও এটি ভূমিকা রাখতে পারে।

 

স্থান পরিদর্শনকালে বিসিসির সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদারসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *