সারাবিশ্ব

ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ

প্রকাশিত :
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় ইরানের সশস্ত্র বাহিনীর দ্রুত সামরিক প্রতিক্রিয়ার মুখে মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর অন্যান্য সরঞ্জাম ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা পরিষদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

আলী ফাদাভি বলেন, মার্কিন বাহিনী যখনই ওই অঞ্চলের কাছাকাছি আসার চেষ্টা করেছে, তখনই ইরানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে দ্রুত সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর অন্যান্য সম্পদ ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করেছিল, অল্প সময়ের মধ্যেই ইরানকে পরাজিত করা সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই লক্ষ্য অর্জিত হয়নি।

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের প্রসঙ্গ তুলে ফাদাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নানা সংকট ও দুর্ভোগের মধ্যেও ইরানের জনগণ নিজেদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ও আদর্শের প্রতি অবিচল থেকে এসব চাপ মোকাবিলা করেছে।

রাজনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেন আইআরজিসির এই জেনারেল। তাঁর ভাষ্য, মার্কিন কর্মকর্তারাও প্রকাশ্যে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন।

বক্তব্যের শেষাংশে তিনি জাতীয় ঐক্য ও ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের সমর্থনের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, বহিরাগত চাপ মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ ঐক্য এবং সামরিক বাহিনীর পাশে জনগণের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *