সারাবিশ্ব

বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

প্রকাশিত :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
/
২ বার সংবাদটি দেখেছে

১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদেছিলেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী। তাঁর মতে, ওই ঘটনা থেকেই তিনি উপলব্ধি করেন, ভারতের ধর্মনিরপেক্ষতা রক্ষায় দেশটিকে দীর্ঘ লড়াইয়ের মুখে পড়তে হবে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান সোনিয়া।

তিনি বলেন, ‘বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য টেলিভিশনে দেখার সময় আমি কেঁদে ফেলেছিলাম। এর মাধ্যমে বুঝতে পারি, ভারতের সামনে ধর্মনিরপেক্ষতা রক্ষার দীর্ঘ লড়াই অপেক্ষা করছে।’

১৯৯২ সালে উত্তর প্রদেশে রামজন্মভূমি আন্দোলন জোরালো হয়ে ওঠে। বাবরি মসজিদের নিচে প্রাচীন মন্দির থাকার দাবি তুলে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি ভেঙে ফেলে।

এ ঘটনায় ক্ষমতাসীন বিজেপির ভূমিকার প্রসঙ্গ টেনে সোনিয়া বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাঁদের সহকর্মীরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা রক্ষায় দেশটি কঠিন পরীক্ষার মুখে পড়েছে বলে তিনি তখনই বুঝতে পেরেছিলেন।

ভারতে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদের উত্থানে কংগ্রেসেরও ভূমিকা রয়েছে বলে স্বীকার করেন সোনিয়া।

তাঁর এমন বক্তব্যের পর কটাক্ষ করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘সোনিয়া গান্ধী বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলেন, সোনিয়া গান্ধী বাটলা হাউসের জন্য চোখের পানি ফেলেন। সোনিয়া গান্ধী প্রমাণ করেছেন, কংগ্রেস বাবরপন্থি এবং ভগবান রামবিরোধী। সোনিয়া গান্ধীর ভোটব্যাংক কমতেই থাকবে।’

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে, যার প্রভাব দীর্ঘদিন ছিল।

বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণ। ২০২৪ সালে সেখানে মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য গার্ডিয়ান

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *