সারাবিশ্ব

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর, কমেছে ওজন 

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি অবস্থায় বাইবেল ও পবিত্র কোরআন পড়ার পাশাপাশি বিভিন্ন ধর্মের ধর্মযাজকদের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি। সম্প্রতি তার শারীরিক ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদুরোর কারাজীবন সম্পর্কে অবগত ছয় ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে তারা গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে চাননি।

প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি থাকার সময়ের বড় একটি অংশ বই পড়েই কাটাচ্ছেন ৬৩ বছর বয়সী মাদুরো। বাইবেল ও কোরআনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। কারাগারের ধর্মীয় পরামর্শদাতাদের সঙ্গেও তার সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি ধর্মীয় নেতা (রাব্বি) রয়েছেন।

মাদুরোর আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অবশ্য নতুন নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকাকালে তিনি নিজেকে ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন তিনি। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি দেলসি রদ্রিগেজও ওই গুরুর অনুসারী ছিলেন।

মাদুরো প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথাও জানিয়েছেন। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফারদি ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ দেখা যায়নি।

২০২৬ সালের ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনীর এক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। বর্তমানে দুজনই ব্রুকলিনের ওই কারাগারে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহায়তাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে তারা অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

আগামী বছর মাদুরোর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একই মামলায় অভিযুক্ত।

এদিকে, কারাগারে মাদুরোর ওজন অনেক কমে গেছে বলে জানিয়েছেন তার কারাজীবন সম্পর্কে অবগত ব্যক্তিরা। আগে তিনি প্যালিও ডায়েট অনুসরণ করতেন। তবে কারাগারের খাবারের মান ও পর্যাপ্ততা নিয়ে অসন্তোষের কারণে সাম্প্রতিক মাসগুলোতে তার ওজন আরও দ্রুত কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাদুরোর চেয়ে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তারের সময় তিনি জরায়ু অপসারণের অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন। পরে বুকে ব্যথার জন্য তাকে নাইট্রোগ্লিসারিন ওষুধ দেওয়া হয়। এ ছাড়া তার দুটি দাঁত পড়ে গেছে এবং ওজন ২৫ পাউন্ডের বেশি কমেছে।

ফ্লোরেসের আইনজীবীদের ধারণা, গত জুলাইয়ে তার মৃদু হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

&#১৩;
&#১৩;
সাজু/নিএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *