জেলার খবর

সরিষাবাড়ীতে চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

জামালপুরের সরিষাবাড়ীতে একের পর এক গরু-ছাগল, স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ টাকা, মসজিদের দানের অর্থ, অটোরিকশা, বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এলাকাবাসী চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ভোররাতে উপজেলার মহাদান ইউনিয়নের খানবাড়ি গ্রামে সোলায়মান হোসেন খানের গোয়ালঘর থেকে দুটি গাভী, একটি ষাঁড় ও একটি বকনা গরু চুরি হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. নিগার সুলতানা সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে একই এলাকায় সবুজ কাজী, মোজাম্মেল হক খান, সামাদ, চায়না ও মজিদ খানের মোট ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই বিকাশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ৯ নভেম্বর ভোররাতে বগারপাড় এলাকার রতন মেকারের ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এ ছাড়াও গত ৬ নভেম্বর পৌরসভার শিমলাবাজার জামে মসজিদের দান বাক্সের টাকা, ২৬ অক্টোবর সাতপোয়া উত্তরপাড়া এলাকায় মো. ইমান আলীর বাড়ি থেকে তিনটি গরু এবং আওনা ইউনিয়নের তরিআটা গ্রামে সিআইডি পরিচয়ে এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গত ১৯ অক্টোবর পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় চার ভরি স্বর্ণালংকার, ১৫ অক্টোবর শিমলা বাজারের আমতলা এলাকায় ভাঙারি দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা, একই রাতে পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামে পাঁচটি গরু, ১৪ অক্টোবর মাইজবাড়ী এলাকায় দোকান চুরি, ১৩ অক্টোবর আরামনগর বাজারে মুরগি ও রাজহাঁস চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া ১১ অক্টোবর শিমলা পল্লী পশ্চিমপাড়ায় চারটি বাড়ির বৈদ্যুতিক তার, ১০ অক্টোবর মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে তিনটি গরু ও বলারদিয়ার এলাকায় মনোহারি দোকান থেকে ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। ৮ অক্টোবর মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পূর্বপাড়ায় একই রাতে চারটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ৭ অক্টোবর বড়শরা গ্রামে অটোরিকশা, আরামনগর বাজারে বৈদ্যুতিক পাখা এবং কামরাবাদ এলাকায় তিনটি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। ৯ অক্টোবর উপজেলা প্রেসক্লাবের পিয়ন আব্দুর রহিমসহ একাধিক ব্যক্তির ছাগল চুরির ঘটনাও ঘটেছে।

গত ২৭ সেপ্টেম্বর ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের তিনটি ট্রান্সফরমার এবং ৮ সেপ্টেম্বর আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে চুরির ঘটনা ঘটে। এছাড়া গত ২৩ অক্টোবর পোগলদিঘা ইউনিয়নের এক গৃহবধূ সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান।

ভুক্তভোগীদের অভিযোগ, চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় তাঁরা পরিবার-পরিজন ও সম্পদ নিয়ে উদ্বিগ্ন। অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার আইনি জটিলতার ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পান না। এলাকাবাসীর দাবি, রাতের বেলায় পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। যেসব অভিযোগ আমাদের কাছে আসে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *