জেলার খবর

অবশেষে পুলিশের জালে ‘আশরাফ ডাকাত’, গ্রেপ্তারে বড়তারায় মিষ্টি বিতরণ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। রোববার সন্ধ্যায় উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে।

ক্ষেতলাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। এর আগে তাকে গ্রেপ্তারে ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে যান। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত মামলাতেও আশরাফকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারে তৎপরতা চলছে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।

&#১৩;
&#১৩;
কুশল/সাএ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *