জাতীয়

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু, প্রথম দিনেই শোক প্রস্তাব

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

বৈঠকের শুরুতে স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। এতে রয়েছেন মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর তালিকার ক্রমানুসারে সদস্যরা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।

শোক প্রস্তাবে যাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

এ ছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্যও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এর আগে রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চতুর্থ অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশনের আগে পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১-এ সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *