জেলার খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে তরুণীর অবস্থান, পলাতক প্রেমিক ও পরিবার

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামে বিয়ের দাবিতে এক তরুণী চারদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে গেছেন।

ভুক্তভোগী তরুণী জানান, ফেসবুকের মাধ্যমে গাংধাইর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সোহানের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ আড়াই বছরের সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ হতো। তরুণীর দাবি, সোহানের সঙ্গে তার শারীরিক সম্পর্কও গড়ে উঠেছিল। সোহানের আহ্বানেই তিনি তার বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে আসার পর পারিবারিক চাপে সোহান তাকে ফেলে রেখে পালিয়ে যান। তরুণী জানান, সোহানের সঙ্গে বিয়ে না হলে তার জীবনের আর কোনো মূল্য নেই।

সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে প্রেমিক সোহানের পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন। সোহানের বাবা ফিরোজ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে তরুণী বাড়িতে নেই বলে দাবি করেন। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ওই তরুণীকে কৌশলে পাশের একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। সেখানে গিয়ে তরুণীর সঙ্গে কথা বললে তিনি জানান, ফিরোজ মোল্লা তাকে জোরপূর্বক ওই বাড়িতে আটকে রেখেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, তরুণীর কাছে থাকা ছবি, ভিডিও এবং কথোপকথনের রেকর্ড থেকে তাদের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় মাতব্বররা বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

সংবাদটি লেখা পর্যন্ত ওই তরুণীর মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *