অর্থ ও বাণিজ্যকৃষি

ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার আশা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (৯ নভেম্বর) অপরিশোধিত তেলের পাশাপাশি ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দামেও পতন দেখা গেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। তাঁর এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের আশা জোরালো হয়েছে।

বিনিয়োগকারীদের মধ্যে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এ নৌপথে চলাচলের বিধিনিষেধ শিথিল এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার প্রত্যাশাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

সোমবার গ্রিনিচ মান সময় ১২টা ৫০ মিনিটের বাজারদর অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ১১ ডলারে নেমেছে। গত সাত দিনে এ তেলের দাম কমেছে ৯ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। গত সাত দিনে এ তেলের দাম কমেছে ৮ দশমিক ৪২ শতাংশ।

এ ছাড়া পেট্রলের দাম ১ দশমিক ৯২ শতাংশ কমে গ্যালনপ্রতি ২ দশমিক ৭২ ডলারে নেমেছে। হিটিং অয়েলের দামও শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে গ্যালনপ্রতি ৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। এতে প্রতি মেগাওয়াট ঘণ্টার দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫৬ ইউরোতে। গত সাত দিনে ইউরোপে গ্যাসের দাম কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ।

সূত্র – আনাদোলু এজেন্সি

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *