অর্থ ও বাণিজ্যকৃষি

টাকা ছাড়াই বসানো যাবে সৌরবিদ্যুৎ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

নিজের অর্থ বিনিয়োগ না করেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করতে জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করেন।

এর আগে গত ১৯ অক্টোবর অধ্যাদেশটি জারি করে সরকার। সৌরবিদ্যুৎ স্থাপনে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এতে বেশ কিছু নতুন বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে। পাশাপাশি সরকারি কোম্পানির স্থাপনা ও বাসাবাড়ির ভবনও এর আওতায় রাখা হয়েছে।

এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওপেক্স মডেল। এই পদ্ধতিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক বিনিয়োগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সার্ভিস প্রোভাইডারের। গ্রাহক প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থে প্যানেল বা অন্যান্য সরঞ্জাম কিনতে হবে না। উৎপাদিত বিদ্যুতের নির্ধারিত অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।

তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা চাইলে ক্যাপেক্স মডেলে নিজেদের অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবে। এ ক্ষেত্রে স্থাপিত ব্যবস্থার মালিকানা থাকবে অর্থায়নকারী প্রতিষ্ঠানের।

অধ্যাদেশে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। ছাদ ও আঙিনার পাশাপাশি ভবনসংলগ্ন পতিত জমি, জলাশয়, চা বাগানের ছাদ ও পাশের পতিত জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। সেচপাম্প, কোল্ড স্টোরেজ ও বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষির সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্পও করা যাবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এই অধ্যাদেশের আওতাভুক্ত নয়।

প্রকল্প বাস্তবায়নে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। চুক্তিতে বিদ্যুৎ ব্যবহারের অংশ, অতিরিক্ত বিদ্যুতের দাম, রক্ষণাবেক্ষণ, মেরামত, যন্ত্রাংশ প্রতিস্থাপন, চুক্তির মেয়াদ, নেট মিটারিং ও বিল পরিশোধের শর্ত উল্লেখ থাকবে।

উৎপাদিত বিদ্যুতের চাহিদার অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট মিটারিংয়ের নিয়ম অনুযায়ী বিদ্যুতের হিসাব সমন্বয় হবে। সমন্বয়ের পর অতিরিক্ত বিদ্যুৎ থাকলে বিদ্যমান নিয়ম ও ট্যারিফ অনুযায়ী তার মূল্য নির্ধারণ করা হবে।

সার্ভিস প্রোভাইডার নির্বাচনের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরির বিধান রাখা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠান তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সেবা প্রদানকারী নির্বাচন করতে পারবে। প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।

অধ্যাদেশ বাস্তবায়নে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নীতিনির্ধারণী পরিষদ এবং জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের বিধান রয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) প্রকল্পসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

এর আগে গত ২ নভেম্বর বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। অধ্যাদেশের বিধানগুলোকে স্থায়ী আইনি কাঠামোয় নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

&#১৩;
&#১৩;
স্বাধীন/সা.এ.&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *