জেলার খবর

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়। অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার মজুতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় এগুলো বিতরণ করা হবে।

এদিকে একসঙ্গে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দের ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খিচুড়িগুলোর প্রকৃত মালিকানা ও মজুতের উদ্দেশ্য নিশ্চিত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *