জেলার খবর

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

প্রকাশিত :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের অদূরে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরিফুল ইসলাম গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম নিজের টিভিএস মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া হয়ে তেঁতুলবাড়ীয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।

আরিফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় ঘটনাস্থলের অদূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *