
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টি থামার পর হঠাৎ জালকুড়ি এলাকার ঝুটপট্টিতে থাকা গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউনগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য ওয়েস্টেজ কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, জালকুড়ি ঝুটপট্টিতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১৩;
১৩;
স্বাধীন/সা.এ.১৩;
১৩;