ধর্ম ও জীবন

অফিসের কাজে ফাঁকি দিলে বেতন কি হালাল হবে?

প্রকাশিত :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
/
০ বার সংবাদটি দেখেছে

ইসলামে উপার্জনের ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, অফিসে সময়মতো উপস্থিত হওয়া এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার করা চাকরিজীবীর নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এসব ক্ষেত্রে ইচ্ছাকৃত অবহেলা কিংবা কাজে ফাঁকি দেওয়া একধরনের প্রতারণা। তাই দায়িত্ব পালন না করে পূর্ণ বেতন গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে তা থেকে দান-খয়রাত করলেও তা কবুল হয় না। এ সম্পদে তার জন্য কোনো বরকত থাকে না। বরং সেই হারাম সম্পদ তার জাহান্নামের পাথেয় হয়। (মুসনাদে আহমাদ)

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) এমন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি দীর্ঘ সফর করে ক্লান্ত-পরিশ্রান্ত অবস্থায় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন। কিন্তু তাঁর দোয়া কবুল হয় না। কারণ, তাঁর খাবার, পানীয় ও পোশাক—সবই হারাম উপার্জনের। (মিশকাত)

এ থেকে বোঝা যায়, একজন মুসলমানের ইবাদত ও দোয়া কবুলের ক্ষেত্রে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। হারাম উপার্জন মানুষের ধর্মীয় জীবন ও নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করে।

তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়োগকর্তারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কোনো কর্মীর সামর্থ্যের বাইরে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া কিংবা কাজ আদায় করে ন্যায্য পারিশ্রমিক দিতে গড়িমসি করা ইসলামসম্মত নয়।

শ্রমিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৪৪৩)

অর্থাৎ, কর্মীকে তাঁর প্রাপ্য পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা নিয়োগকর্তার দায়িত্ব। কাজের বিনিময়ে ন্যায্য পাওনা আটকে রাখা বা পরিশোধে অযথা বিলম্ব করাও অন্যায়।

সুতরাং কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা উভয় পক্ষের জন্যই জরুরি। কর্মীকে নির্ধারিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে, অন্যদিকে নিয়োগকর্তাকে নিশ্চিত করতে হবে ন্যায্য পারিশ্রমিক ও উপযুক্ত কর্মপরিবেশ। নিজের এবং পরিবারের জীবনে বরকত ও কল্যাণ আনতে হালাল উপার্জন এবং পারস্পরিক অধিকার রক্ষার বিকল্প নেই।

&#১৩;
&#১৩;
বাপ্পি/সা.এ&#১৩;
&#১৩;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *